গাজীপুর টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন (৪৫) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল পশ্চিম পাড়া এলাকার মৃত কুদরত আলী মাতবরের ছেলে মনোয়ার হোসেন খোকন (৫০), তার ছেলে আশরাফুল ইসলাম অন্তর (২৫) ও আমিনুল ইসলামের ছেলে হোসেন বাদশা (২২)। এদের মধ্যে মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে টঙ্গী পশ্চিম থানায় নয়টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলবল নিয়ে সোমবার রাতে সনাতন সম্প্রদায়ের নির্মোহন মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় খোকন। এসময় তার বাড়িতে ভাঙচুর চালায় তারা। একপর্যায়ে নির্মোহনকে বাড়ি থেকে বের করে মারধর করে খোকন ও তার লোকজন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় তারা। পরে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানায়, দাঁড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে তারা প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। উক্ত জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁতীদল নেতা খোকনের লোকজন বিভিন্নভাবে সংখ্যালঘু পরিবারটিকে চাপ ও হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মোহনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গ্রেন্ডিং ও ড্রিল মেশিন দিয়ে বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারধর করে।
এতে বাড়ির মালিক নির্মোহন মন্ডল (৪৬), তার স্ত্রী বৃষ্টি মন্ডল (৪০), ছেলে বিজয় মন্ডল (১৪), ভাতিজি চায়নাসহ (২২) ১০জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


