জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশির সময়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় পাঁচটি মামলায় তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
অভিযানকালে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। এ ছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দসহ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআই আকরাম হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে চেকপোস্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য সচেতন করা হচ্ছে।
এ ছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


