গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে যৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া এক যাত্রীর ব্যাগে গাঁজা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এই জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে যানবাহনে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১৫টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টিসহ মোট ১৬টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৪৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহন, হেলমেট ব্যবহার না করা, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১৫টি মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ইসমাইল হোসেন (২৮) নামের এক যাত্রীর ব্যাগে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে চালকদের হেলমেট ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, এসআই শুকুর আলীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন