ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদুল মোল্লা (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন এবং তার সঙ্গে থাকা দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়েছেন।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাজিদুল টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাজিদুল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন। অপর দুই বন্ধু, একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা (২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।