গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ শেখ (২০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।
শনিবার (১৪ মার্চ) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে তিনি মারা যান। ওই দুর্ঘটনায় সাজিদুল মোল্লাসহ (১৯) দুই বন্ধুর মৃত্যু হলো। আব্দুল্লাহ শেখ (২০) গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে সাজিদুল তার আরও দুই বন্ধু আব্দুল্লাহ শেখ (২০) ও একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লাকে (২০) সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন এবং অপর দুই বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আব্দুল্লাহ শেখকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

