ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুকুরের কচুরিপানা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নিখোঁজের তিন মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে তাহিদুল মোল্যা (৩০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হন তাহিদুল মোল্যা। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ পরে সাকিব শেখ নামের একজনকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে সুমন নামের এক ব্যক্তি পুকুর পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার মধ্যে গলিত মরদেহ দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মরদেহটি তাহিদুল মোল্যা হিসেবে শনাক্ত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহত তাহিদুল মোল্যা মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের আক্তার মোল্যার ছেলে।