হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটিতে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উভয় পক্ষের লোকজন ব্যবসার কারণে ঢাকার মিরপুরে বসবাস করেন। কয়েক দিন আগে সেখানে বিরোধের জেরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদুল ফিতরের ছুটিতে এলাকায় ফিরে আসার পর আজ বিষয়টি নিয়ে সালিস বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


