সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নজরুল ইসলাম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে। দেড় বছর আগে উন্নত জীবনের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের চাচা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেড় বছর আগে আমার ভাতিজা উন্নত জীবনের আশায় সৌদি আরবে গিয়েছিল। সে জেদ্দায় একটি কোম্পানিতে ফুড ডেলিভারির কাজ করত।’
‘১২ দিন আগে মোটরসাইকেলে ফুড ডেলিভারি করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিল টোকন। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি।’
নজরুল ইসলাম টোকনের স্ত্রী শম্পা ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী পরিবারের সুখের জন্য বিদেশে গিয়েছিল। আমার ছোট দুই সন্তান এতিম হয়ে গেল। আজ সকালে তার সহকর্মী হিরো ফোন করে আমার স্বামীর মৃত্যুর খবর জানায়।’
চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, কার্যক্রম শেষ করে নিহতের মরদেহ দেশে আসতে দুই-এক দিন সময় লাগবে। টোকনের মৃত্যুর ঘটনাটি সত্যিই মর্মান্তিক। খবরটি শোনার পর তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন