ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও, নিজ হাতে পরালেন কম্বল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:১২ পিএম
শীতার্তদের পাশে সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাসনিমুজ্জামান। ছবি- রূপালী বাংলাদেশ

কনকনে শীতে যখন ঘুমিয়ে পড়েছে জনপদ তখন শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাসনিমুজ্জামান। গভীর রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার ঝালুপাড়া, আরামনগর বাজার, শিমলাবাজার, রেলওয়ে স্টেশন, পপুলার মোড় ও বাউসি বাজার এলাকায় শতাধিক শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ। যমুনা ও ঝিনাই নদী পরিবেষ্টিত সরিষাবাড়ী উপজেলায় শীতের প্রকোপ আরও তীব্র। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে বসবাসকারী ছিন্নমূল মানুষরা। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গভীর রাতে এ ব্যতিক্রমী মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেওয়ার সময় অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কৃতজ্ঞতার ভাষা হারিয়ে ফেলেন, আবার কেউ আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান বলেন, ‘শীতের এই সময়ে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়। প্রশাসনের দায়িত্ব থেকে নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা গভীর রাতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যদিও প্রয়োজনের তুলনায় কম্বল বরাদ্দ সীমিত, তবুও পর্যায়ক্রমে সকল অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা প্রকল্প কর্মকর্তা শওকত জামিল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ মো. ইমরান, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।