জামালপুর-৫ (সদর) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা দিনব্যাপী নির্বাচনি এলাকা পরিদর্শন করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে তারা নির্বাচনি এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইকবাল মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে নির্বাচনি অনুসন্ধান কমিটি তাদের কাজ শুরু করেছে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজনীন আখতার এর সঙ্গে আসন্ন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন অনুসন্ধান কমিটির সদস্যরা।
পরে সদর উপজেলার নান্দিনা, শরীফপুর ও রানাগাছাসহ আশপাশের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় কমিটির কার্যক্রম দেখে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুসন্ধান কমিটির সদস্য, জামালপুর অর্থঋণ আদালতের স্ট্যানোগ্রাফার মো. ওয়াহিদুজ্জামান রবিন দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটির কার্যালয় জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত। গত ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিনই তাদের টিম নির্বাচনি এলাকায় বের হচ্ছে।
নির্বাচনি এলাকার বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনি এলাকার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। সেনাবাহিনী, র্যাব, স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন