জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল বলেছেন, দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সিপিবি আপসহীন রাজনীতি করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে বলে তিনি দাবি করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, জনগণের রায়ে সংসদে যেতে পারলে সরিষাবাড়ীর বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি যমুনা সারকারখানায় গ্যাস সংকট নিরসন করে বিসিআইসির আওতায় শিল্পকারখানাটি দীর্ঘমেয়াদে সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।
নদীভাঙনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতি বর্ষা মৌসুমে সরিষাবাড়ীর বিস্তীর্ণ এলাকার মানুষ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকের জমি, বসতভিটা ও অবকাঠামো নদীগর্ভে চলে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এসব সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, হাটবাজার থেকে শুরু করে পরিবহন খাত পর্যন্ত বিভিন্ন স্তরে চাঁদাবাজি ও দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে। নির্বাচিত হলে এসব অনিয়ম বন্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি কাস্তে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোহেল রানা সরকার, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ, খেতমজুর নেতা হারুন রশীদসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

