জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী রফিকুল ইসলাম রফিককে দলের অভ্যন্তরীণ অভিযোগের কারণে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মামুন মিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব দুলাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সংসদ সদস্য প্রার্থী ও ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরু’র সিদ্ধান্ত উপেক্ষা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম রফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার নির্বাচনী কর্মকাণ্ডে গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী অংশ নেবেন না।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, একতরফা উপজেলা গণঅধিকার পরিষদ আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত আমি মানি না। নির্বাচনি আচরণ বিধি মেনে আমি নির্বাচন করে যাব। আশা করি, এ আসনে আমি জয়লাভ করব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন