ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনকে ঘিরে জামালপুরে যৌথ বাহিনীর টহল

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ সুষ্ঠু করার লক্ষ্যে যৌথ বাহিনীর নির্বাচনি টহল শুরু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর আউটার স্টেডিয়াম থেকে যৌথ বাহিনীর টহলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নির্বাচনি এলাকায় নিরাপত্তা জোরদার, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই যৌথ টহলে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের টহল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জামালপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইমরান জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যান্য জেলার মতো জামালপুরেও আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে যৌথ বাহিনী কাজ করে যাচ্ছে।’

তিনি আরও জানান, ‘জামালপুরে সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন টিমে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক টিমে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী নিয়মিত বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে।’

জেলার চারটি সংসদীয় আসনে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর মোট ৬০০ সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।