ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধায় অবনত জামালপুর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় জেলার সর্বস্তরের মানুষ।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন এবং সিভিল সার্জন ডা. আজিজুল হকের নেতৃত্বে তাদের নিজ নিজ দপ্তর ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

একই সময়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, পৌরসভা, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতফেরিতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। এ সময় বাংলা ভাষা ও ভাষাশহীদদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পায় প্রভাতফেরির নানা স্লোগানে।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।