ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামালপুরে মাদকের দুই মামলার রায়, ৪ আসামির জেল ও জরিমানা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি- সংগৃহীত

জামালপুরে পৃথক দুটি মাদক মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ মার্চ) জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক আদালতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ ডিসেম্বর জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বড় হলদিয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. মানিকের (৪০) কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় (মামলা নং-৭৭)।

দীর্ঘ বিচারিক কার্যক্রমে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি মো. মানিককে (৪০) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে ইসলামপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০২১ সালের ১৫ জানুয়ারি উপজেলার মৌজাজাল্লা গ্রামের রিপন ফকিরের ছেলে মো. কামাল ফকিরকে (২১) ২ গ্রাম হেরোইন, একই গ্রামের মো. কাশেমের ছেলে গুলজারকে (২৩) ১ গ্রাম হেরোইন ও উপজেলার কিসমতজাল্লা গ্রামের এমদাদুল হকের ছেলে আঃ কাইয়ুমকে (১৯) ১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে ইসলামপুর থানা কর্তৃক একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলাটিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মো. কামাল ফকিরকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

একই মামলায় আসামি গুলজার ও কাইয়ুম দুজনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সুলতান মাহমুদ এবং আসামিপক্ষের আইনজীবী এন এম অলিউল আযম ও হোসেন রেজা বাবু উপস্থিত ছিলেন।