জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর শহরের ডালবাড়ি এলাকায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী সোহেলুর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের ডালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন উপসহকারী প্রকৌশলী সোহেলুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌরসভার উপসহকারী প্রকৌশলী সোহেলুর রহমান পৌর শহরের ডালবাড়ি এলাকায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ পরিদর্শনে যান। এ সময় স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান ও তার ছেলে পাপ্পু বৈদ্যুতিক খুঁটি স্থাপনে বাঁধা দেন। সোহেলুর রহমান সরকারি কাজে বাঁধা প্রদান করতে নিষেধ করায় হাফিজুর রহমান ও তার ছেলে পাপ্পু তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী সোহেলুর রহমান বলেন, পৌর এলাকার ডালবাড়িতে সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলছিল। বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের এজিএম আরিফুল ইসলাম ও সহকারী জোনাল ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনসহ আমি কাজ পরিদর্শনে যাই। এ সময় স্থানীয় বাসিন্দা হাফিজুর ও পাপ্পু সরকারি কাজে বাঁধা দেন এবং অতর্কিত আমার ওপর হামলা করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন