যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) মাগরিব নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীসহ নিহতের স্বজনরা।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমরা কেবল মাদারগঞ্জবাসী না, কেবল জামালপুরবাসী না, সারা বাংলাদেশের মানুষ আজ লিমনের শোকে শোকাহত। আজ সারা বিশ্বে বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো লিমনের জন্য কাঁদছেন।
তিনি আরও বলেন, লিমনের মৃত্যুর খবরের সাথে সাথে বাংলাদেশ সরকার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সচেষ্ট ভূমিকা রেখেছে। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ দেখার সুযোগ নাই, তাকে চেনার সুযোগ নাই, তবে তার মরদেহের জানাজা পড়ে দুনিয়া থেকে বিদায় দেওয়ার সুযোগ আল্লাহপাক করে দিয়েছেন।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। গত ১৬ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৪ মে) দুপুর আড়াইটার সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে। এ সময় এলাকাবাসী লিমনকে শেষ বারের মতো দেখতে ভিড় জমায়।

