জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে সম্পদ। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তার ছোট বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন