যশোরের বাঘারপাড়ায় শ্যালোমেশিনচালিত যান আলমসাধু উল্টে রাব্বি হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি হোসেন জামালপুর গ্রামের সোহেল হোসেনের ছেলে ও স্থানীয় মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাব্বি হোসেন আলমসাধুযোগে যাচ্ছিল।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে আলমসাধু জামালপুর সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় রাব্বি গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাব্বিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে।


