ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনকে সামনে রেখে যশোরে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

বিল্লাহ হোসেন, যশোর
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:৫১ পিএম
সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি তল্লাশি। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভোটের আতঙ্ক রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সন্ত্রাসীদের রুখতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ও ক্রাইম স্পটগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

জানা গেছে, গত ৩ জানুয়ারি যশোর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে চলন্ত মোটরসাইকেল থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। শহরের শংকরপুর ইসহাক সড়কে জনসম্মুখে এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ হত্যাকাণ্ডে জড়িত শুটার ত্রিদিব চক্রবর্তী মিশুকসহ তিনজনকে আটক করেছে। নিহতের আপন জামাই বাসেদ আলী পরশের ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে মিশুক হত্যার মিশন সম্পন্ন করেন।

গত ৪ জানুয়ারি সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুরে পীরবাড়ির সামনে জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে (৩২) ছুরিকাঘাতে জখম করে দুর্বৃত্তরা। আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর গ্রামের মৃত খন্দকার আমিন উল্লাহর ছেলে। মর্নিং ওয়াকে বের হলে মুখ বাঁধা দুই দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, পরে বুকের ডান পাশ, বাম হাতের ডানা ও কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ৫ জানুয়ারি সন্ধ্যায় মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীর মাথা লক্ষ্য করে একাধিক গুলি করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্য ছিলেন এবং খুন-ধর্ষণের মতো ঘটনায় জড়িত ছিলেন।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মিজানুর রহমান (৪০) নামে একজনকে আটক করে। তিনি মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে। মিজানুর রোজিপুর গ্রামের প্রভাষক সঞ্জয় হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। 

এর আগে নিহত রানা প্রতাপের বান্ধবী ঝুমুর মণ্ডলকে হেফাজতে নেয় পুলিশ। মিজানুর রহমানকে আটকের পরের দিন রাত ৮টার দিকে কপালিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার সামনে প্রকাশ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার বিকট শব্দে কেঁপে ওঠে বাজার এলাকা। ভয়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন এবং মুহূর্তেই বাজার জনশূন্য হয়ে যায়। এখনো কপালিয়া বাজারে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রানা প্রতাপ একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এটিকে প্রতিপক্ষের প্রতিশোধমূলক হত্যাকাণ্ড হিসেবে দেখানোর চেষ্টা থাকলেও প্রশ্ন থেকে যায়—একই সময়ে, একই জেলায়, একই কায়দায় পরপর দুটি হত্যা কি নিছক কাকতালীয়? আলমগীর ও রানা প্রতাপ—দুজনের সামাজিক ও রাজনৈতিক পরিচয় আলাদা হলেও হত্যার কায়দা এক। এই মিলই সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দেয়। হাদি স্টাইলে হত্যার মিশন কি তাহলে আরও দীর্ঘ হচ্ছে, নাকি নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়াতে স্বৈরাচার আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা মিশনে নেমেছে? এদিকে, অপরাধীদের রুখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পুলিশ-প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডে জড়িত শুটারকে আটক করা হয়েছে। মণিরামপুরে রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জানুয়ারি মাসের শুরু থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সড়কে ৫৪টি চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৪৭০টি মোটরসাইকেল চেকিং করা হয়েছে এবং ১৮১টি রেজিস্ট্রেশনবিহীন গাড়ি আটক করা হয়েছে। ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সব ইউনিটের তৎপরতা আরও বাড়ানো হবে। ভোটারদের ভীতি দূর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, জেলার সব কেন্দ্রে সাড়ে পাঁচ হাজার সিসি ক্যামেরার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্যোগে সাড়ে তিন হাজার ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনের আগে বাকি ক্যামেরাগুলো স্থাপন করা হবে।

এ ছাড়া পৌরসভার ৪৭টি ভোটকেন্দ্রে পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিগগিরই প্রত্যেক উপজেলায় যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে।