ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেনাপোলে বিদেশি মুদ্রাসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ আব্দুস সালাম নামে একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় তাকে আটক করা হয়।

আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার হাওলা পাড়ার আব্দুল সামাদের ছেলে।

আটক আব্দুস সালাম জানান, ‘সোমবার তিনি বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে কলকাতা গিয়েছিলেন। কলকাতা থেকে এক ব্যক্তি তার কাছে বিদেশি মুদ্রার একটি ব্যাগ দিয়েছেন। যশোরে অন্য একজন ব্যক্তি ওই ব্যাগটি তার কাছ থেকে নেবে বলেছে। তিনি ওই ব্যক্তিকে চেনেন না। এর বিনিময়ে তিনি ৫ হাজার টাকা পাবেন।’

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী এসি অটুল গোস্বামী বলেন, ‘বাংলাদেশে ফেরার সময় কাস্টমস তল্লাশি কেন্দ্রে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার ও ৩৬ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’