যশোরের চৌগাছায় বাবার কোদালের হাতলের আঘাতে আহত তরিকুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। নিহত তরিকুল উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
তিনি বাংলাদেশ পুলিশ সদস্য (কনস্টেবল) সাথীর সাবেক স্বামী। ঘটনাটি ঘটে গত ২০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে। চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি মধ্যরাতে ঢামেকে তার মৃত্যু হয়।
জানা গেছে, ২০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তরিকুল ইসলাম নিজ বাড়ির সামনে তাদের মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার বাবা রবিউল ইসলাম (৫৭) কোদালের হাতল (লাঠি) দিয়ে তাকে আঘাত করেন। এতে তরিকুল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২১ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) মরদেহ ঢামেক থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল।
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, নিহত তরিকুল তার বাবার একমাত্র সন্তান। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানান ইউপি সদস্য। পুলিশ সদস্য সাথীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি আরও তিনটি বিয়ে করেন। এসব বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত পরশু তার বাবা তাকে আঘাত করেন এবং গত রাতে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন