বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং জবাবদিহিমূলক সংসদ ও সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন।’
সোমবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ দিন, প্রথমবারের মতো যশোরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনাসহ জনসভা আয়োজন সম্পূর্ণ হবে আশা রেখে তিনি বলেন, ‘তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা আছে। মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন। যশোরবাসীর জন্য আমাদের অনেক দাবি রয়েছে, যা লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে ভবদাহ সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
নির্বাচনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘যশোর-৩ (সদর)-এর পুরো এলাকাজুড়ে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ চলছে। আমরা যশোর সদরের বিভিন্ন পাড়া-মহল্লা এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছি। জয়ের বিষয়ে আশা প্রকাশ করছি, ধানের শীষে গণজোয়ার বইছে। আগামী ১২ তারিখ ব্যাপক ব্যবধানে জয়লাভ করব ইনশাআল্লাহ।’
তিনি নারীদের প্রতি অবমাননাকর আচরণের প্রসঙ্গে বলেন, ‘নারীদের প্রতি যে ধরনের অবমাননাকর বক্তব্য তারা দিচ্ছে এবং পরবর্তীতে যে সাফাই গায়, তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। সারা দেশে আমাদের মা-বোনেরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। আমরা তাদের প্রতি একাত্মতা পোষণ করছি এবং ঘৃণা প্রকাশ করছি তাদের বিরুদ্ধে, যারা নারী বিদ্বেষী আচরণ করছেন এবং নারীদের ওপর বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে তাদের হেয় প্রতিপন্ন করছেন।’
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এই ধরনের আচরণ কখনো গ্রহণ করবে না। ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন