যশোরের বেনাপোল পোর্ট থানার পল্লিতে মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে তিনজন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বালুন্ডা গ্রামের নূরজাক সরদারের ছেলে আবদুল কাদের (৪৮), আবদুল বারিকের ছেলে জাকির হোসেন (৪৫) এবং একই গ্রামের সুলতান আউলিয়ার ছেলে আবদুল কাদের (৪৬)। আহতদের মধ্যে জাকির হোসেন ও আবদুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বালুন্ডা গ্রামের ননী ঢালির ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে বাথরুমের সেফটি ট্যাঙ্কের গর্ত খননের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় কোদালের আঘাতে গর্তের ভেতরে আগে থেকেই পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক গুরুতর আহত হন।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জাকির হোসেন ও আবদুল কাদেরের অবস্থার অবনতি হলে তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জাকির হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তারা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বালুন্ডা এলাকায় অপরাধমূলক তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি ওই এলাকায় বোমা তৈরির সময় এক ব্যক্তির সহযোগীর হাত উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা সেখানে বোমাটি পুঁতে রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
আরিফ হোসেন আরও জানান, ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন