যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহূর্তে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, তার ভাতিজি জামাই হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার বাড়িয়ালী গ্রামে। এছাড়া চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্র্যাক অফিসপাড়ায় তার একটি বাড়ি রয়েছে।
হুমায়ুন শনিবার বিকেলে ছুটি নিয়ে (পাসআউট) নিজের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে করে চৌগাছার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে চৌগাছা থেকে যশোরমুখী একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়।
অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়ার হাসান (৪০), রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেনাসদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যুর সংবাদ পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ নিয়ে যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ নিয়ে গেছেন।


