যশোরের বেনাপোলের পুটখালী ও শার্শার গোগা সীমান্তে বিজিবি ও র্যাবের অভিযানে ৪৭২ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার ও শনিবার খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এবং র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করেন। বিজিবি রবিবার এক প্রেসনোটে এ তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহ আলমের ছেলে সুমন মিয়া (১৭) এবং একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে নয়ন মিয়া (২০)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল মাদক কারবারি সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি ও র্যাব যৌথভাবে পুটখালী সীমান্তে অবস্থান নেয়।
অভিযানে সন্দেহভাজন দুই যুবককে ধাওয়া করে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির অপর এক অভিযানে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আরও ১০০ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

