× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:৪৭ পিএম

বেনাপোলে উড়তে যাচ্ছে দেশের সবচেয়ে উঁচু পতাকা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল চেকপোস্টের শূন্যরেখায় নির্মিত হচ্ছে দেশের সর্বোচ্চ ১৩০ ফুট উচ্চতার একটি পতাকাস্তম্ভ (ফ্ল্যাগস্ট্যান্ড)। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশের সীমান্ত আকাশে সবচেয়ে উঁচুতে উড়বে লাল-সবুজের পতাকা, যা জাতীয় মর্যাদা ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি বেনাপোল জিরো পয়েন্টে দক্ষ কারিগরদের নিপুণতায় নির্মিত এই বিশাল মাস্তুলটি দৃশ্যমান হয়। এ সময় সীমান্ত এলাকায় উৎসুক জনতার ভিড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। পরে পতাকা স্ট্যান্ড তৈরির কাজের সুবিধার্থে পতাকাটি নামিয়ে রাখা হয়।

জানা যায়, বেনাপোল বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ব্যস্ত স্থলবন্দরগুলোর একটি, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত এর প্রধান স্থলপথ সংযোগস্থল হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ও যাত্রী এই বন্দরের মাধ্যমে যাতায়াত করে, যা দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করে।

বেনাপোল পৌরসভার উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প বাস্তবায়ন করেন ঠিকাদার ইসাহক মিয়া। তিনি জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেন, ‘ভারতের পেট্রাপোল সীমান্তে দীর্ঘদিন ধরে ১০০ ফুট উচ্চতায় তাদের পতাকা উড়ছে। আমাদের সীমান্তেও একটি বৃহৎ প্রতীকী স্থাপনার প্রয়োজন ছিল। তরুণ প্রজন্মের দাবি ও জাতীয় মর্যাদা রক্ষায় আমরা এই উদ্যোগ নিয়েছি।’

যশোর বিজিবি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে যশোর জেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার সাথে সমন্বয় পূর্বক বেনাপোল স্থলবন্দরে ১৩০ ফুট উঁচুতে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জাতীয় পতাকা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বৃহত্তম পতাকা স্থাপনের কাজ শেষ হবে বলে জানা যায়। বেনাপোল পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পতাকা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিপূর্বে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে পতাকাটি স্থাপনের ব্যাপারে যশোর জেলা প্রশাসনের নিকট প্রস্তাবনা ও প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়। 

পরবর্তীতে, জেলা প্রশাসন কর্তৃক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বেনাপোল পৌরসভাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হলে, বেনাপোল পৌরসভা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রস্তাবনাটি গ্রহণ করে। পতাকাটি স্থাপিত হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে স্থাপিত বাংলাদেশের জাতীয় পতাকা। বেনাপোল বন্দর এলাকায় প্রবেশকারী দেশি-বিদেশি যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে উঁচুতে স্থাপিত এ জাতীয় পতাকাটি বাংলাদেশের মর্যাদা এবং ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হবে।

বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, সীমান্তে এই ১৩০ ফুট উচ্চতার পতাকাস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো মানুষ যাতায়াত করেন। এই সুউচ্চ জাতীয় পতাকা তাদের কাছে বাংলাদেশের মর্যাদা ও গৌরবকে আরও দৃশ্যমান করে তুলবে। ভবিষ্যতে এ স্থানটিকে একটি নান্দনিক ও দর্শনীয় স্পটে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।

বেনাপোলের সংবাদকর্মী মিলন খান বলেন, ‘আমরা সীমান্ত এলাকায় বসবাস করি, এমন একটি বিশাল পতাকাস্তম্ভ আমাদের গর্বিত করেছে। দূর থেকেই পতাকাটি দেখা যায়, যা আমাদের দেশের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়।’

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান বলেন, প্রতিদিন অনেক মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। এই সুউচ্চ পতাকা দেখলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

কলেজছাত্রী আয়েশা আক্তার বলেন, ‘আমাদের প্রজন্মের জন্য এটি খুবই অনুপ্রেরণাদায়ক। সীমান্তে দাঁড়িয়ে এতো বড় পতাকা দেখতে পাওয়া সত্যিই গর্বের বিষয়।’

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোঃ সাইফুল আলম খান, পিএসসি জানান স্বাধীনতার এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়বে এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে বিজিবি সার্বক্ষণিক প্রতিজ্ঞাবদ্ধ।

এর আগে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ছিল পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে, যার উচ্চতা ছিল ১১৭ ফুট। বেনাপোলের নতুন ১৩০ ফুট উচ্চতার এই মাস্তুলটি সেই রেকর্ড ভেঙে এখন দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ হিসেবে স্থান করে নিবে। অন্যদিকে, ভারতের পেট্রাপোল সীমান্তে ২০১৭ সালে বিএসএফ ১০০ ফুট উচ্চতার একটি পতাকাস্তম্ভ নির্মাণ করেছিল। যেটা এখনও উড়ছে।
 

Link copied!