যশোরের চৌগাছায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইউসুফ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার হাকিমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ হাকিমপুর গ্রামের কাঠমিস্ত্রি কালু মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, ইউসুফ হাকিমপুর কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার সকালে সে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল।
পথিমধ্যে হাকিমপুর বাজারের বারোবাজার রোডে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ইউসুফ সাইকেলসহ সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন