যশোরের শার্শা উপজেলায় লামিয়া খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
নিহত লামিয়া খাতুন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়ার বাবা বর্তমানে যশোর জেলা কারাগারে আটক রয়েছেন। রোববার সকালে তার মা শিখা আক্তার শিরিন মেয়েকে বাড়িতে একা রেখে যশোরে যান।

সন্ধ্যায় মেয়েকে ফোনে না পেয়ে তিনি লামিয়ার চাচিকে খোঁজ নিতে বলেন। পরে চাচি বাড়িতে গিয়ে শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহ নিচে নামান।
মরদেহের পাশে পাওয়া চিরকুটে লামিয়া তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে নিজের ইচ্ছায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেছে।
সেখানে সে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে শেষবারের মতো তাকে দেখার ইচ্ছার কথাও লিখেছে। পাশাপাশি মা ও নানার প্রতিও ভালোবাসা জানায় এবং তার মৃত্যুর পর বাবাকে কাঁদতে না করার অনুরোধ করে।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন