ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙাচোরা ঘর থেকে বিপ্লবী : হাদির বাড়ি ও শ্বশুরবাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৫৮ পিএম
ওসমান হাদির গ্রামের টিনের বাড়ি। ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকায় ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন ওসমান হাদি। বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট।

শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর। নেছারাবাদ এনএস কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান।

গ্রামবাসীর কাছে হাদি কেবল নাম নয়, চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় তিনি এলাকার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। তাই তার মৃত্যুর সংবাদ মানতে পারছে না কেউ। কেউ অঝরে কাঁদছেন, কেউ গুমরে গুমরে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই চেনা ও অচেনা বহু মানুষ হাদির ভাঙাচোড়া ঘরের সামনে ভিড় করেন। বাড়িতে থাকা হাদির বোন ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। কেউ স্মৃতি ভাগাভাগি করছেন, কেউ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন।

অপরদিকে, হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও শোকের মাতম চলছে। অল্প বয়সে স্বামী হারানো স্ত্রী ও একমাত্র সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে স্বজনরা উদ্বিগ্ন।

তারা দাবি করছেন, আর যেন কোনো মায়ের কোল খালি না হয় হাদির মতো।