ঝালকাঠির নলছিটি পৌর এলাকার বৈচন্ডি গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে নিজ বসতঘরে বৈদ্যুতিক লাইন সংস্কারের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র মো. নাজমুল ইসলাম (২০) ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে এবং নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে নাজমুল নিজ বসতঘরের বৈদ্যুতিক লাইনের সংস্কার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পর্শ হন। মুহূর্তের মধ্যেই তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের লোকজন নাজমুলকে দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন