ঝিনাইদহের মহেশপুরে এক হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখালভোগা গ্রামের মাঠে ড্রাগন ক্ষেতের খুঁটির সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক অজ্ঞাত নারীকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
উদ্ধারকালে তার পাশে একটি ছোট শিশুকে বসে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে বাকরুদ্ধ করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফতেপুর-হাসাদাহ হাইরোডসংলগ্ন রাখালভোগা গ্রামের মাঠের ভেতর একটি ড্রাগন ক্ষেতের তারকাঁটা ঘেরা খুঁটিতে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কৃষকরা। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেন।
স্থানীয়দের তথ্যমতে, আত্মহত্যার চেষ্টার সময় নারীর সঙ্গে থাকা শিশুটি পাশেই বসে ছিল।
নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভ্যানযোগে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এলাকার কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি।
ধারণা করা হচ্ছে, তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন