ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়াবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাশেদ খান।
রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ গুরুত্বপূর্ণ নেতারা।
ওই আলোচনায় তাকে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ এলাকায় জনসভা করবেন এই শর্তে তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন। প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই হবে।
রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি নবাই বিশ্বাসের ছেলে এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে মনোনয়নের বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়া হোক।
এখন পর্যন্ত ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে একটিতে মাত্র প্রার্থীর নাম প্রকাশিত হলেও বাকি তিনটিতে এখনো ঘোষণা করা হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন