ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতর থেকে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা-২ থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন।
টাকা গণনার সময় তিনি বাকি অর্থ একটি ছোট হ্যান্ডব্যাগে রাখেন। কিছু সময় পরে লক্ষ্য করেন, তার ব্যাগ কেটে ২ লাখ ৫০ হাজার টাকা নিখোঁজ।
ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, অজ্ঞাত পরিচয়ের তিনজন ব্যক্তি কামাল হোসেনের পাশে কৌশলে অবস্থান করে ব্যাগের পাশে একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও চোর বা টাকা উদ্ধার সম্ভব হয়নি। পরিবারের ও স্থানীয় পরামর্শের পর তিনি আইনি সহায়তার জন্য কালীগঞ্জ থানায় অভিযোগ করেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


