ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের পুটিমারী আউলিয়া দাখিল মাদ্রাসায় রাতের সময় নাইটগার্ড পদে নিয়োগ পরীক্ষা নেওয়াকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্বচ্ছতা বজায় না রেখেই রাতের আঁধারে এই পরীক্ষা আয়োজন করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার, সভাপতি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি হিসেবে উপস্থিত এক নারী কর্মকর্তাকে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
মাদ্রাসার সুপার রুহুল আমিনের দাবি, নিয়োগ প্রক্রিয়া নিয়ম অনুযায়ীই পরিচালিত হচ্ছিল। তিনি জানান, রেজলিউশনের মাধ্যমে পাঁচ সদস্যের একটি নিয়োগ কমিটি গঠন করা হয়। ডিজির প্রতিনিধি নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় বিকেল ৪টার দিকে পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষা শেষে খাতা মূল্যায়নসহ অন্যান্য আনুষ্ঠানিকতা চলাকালে হঠাৎ কিছু স্থানীয় ব্যক্তি এসে বাধা দেন এবং সংশ্লিষ্টদের আটকে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বক্তব্য জানতে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় মাদ্রাসা সুপার ও ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া ওই নারী কর্মকর্তাকে নিরাপত্তার স্বার্থে উদ্ধার করে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন