ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রকাশ্যে উন্মুক্ত স্থানে প্রস্রাব করার অভিযোগে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পার্বতীপুর এলাকায় সাপ্তাহিক হাট চলাকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর বাজারে জনসমাগমের সময় রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা রূপালী বাংলাদেশকে বলেন, জনসম্মুখে উন্মুক্ত স্থানে প্রস্রাব করা সামাজিক শালীনতার পরিপন্থি। এ অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম জানান, জনসমাগমপূর্ণ বাজার এলাকায় এমন কর্মকাণ্ড আইনত দণ্ডনীয়। তাই ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন