দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ আসনে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছেন।



