ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে শৈলকুপায় সড়কে শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৪ পিএম
শৈলকুপায় সড়কে ভ্রাম্যমাণ আদালত। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়কে শৃঙ্খলা ফেরানো এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।

শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ফিটনেস সনদ, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন একাধিক যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। কিছু যানবাহনকে জরিমানা করা হয় এবং কয়েকটিকে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। 

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।