ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:৪০ পিএম
আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, শুক্রবার রাত ১টার দিকে র‍্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে কালীগঞ্জের ২ নম্বর জামালপুর ইউনিয়নের কামারাইল গুটিয়ানি বটতলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, যার বডিতে খোদাই করে লেখা রয়েছে চাইনা, একটি ব্যারেলযুক্ত রিভলভার এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রগুলো পরে জিডি করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।