ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝিনাইদহ হাসপাতালে নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে পরিচ্ছন্নতা এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়েছেন ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এ সময় তিনি হাসপাতাল দুটির রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতাল চত্বর থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি। এ সময় সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. আলী হাসান ফরিদ (জামিল), সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ওলিউর রহমান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি বিগত ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নির্মাণ করা হয়। যে কারণে আওয়ামী লীগের আমলে হাসপাতালটি অবহেলিত ছিল। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি, ঝিনাইদহ-২ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও অন্যান্য অন্যায় কাজ দমনে আমি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

পরে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য।