ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে নিহত আফগান নাগরিকের লাশ নিতে লন্ডন থেকে এলেন বড় ভাই

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:০৮ এএম
বড় ভাই মীর ওয়ার্সী (ডানে) এবং নিহত হাসেমী (ডানে)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে নিহত আফগান নাগরিক হাসেমীর মরদেহের সন্ধানে তার বড় ভাই মীর ওয়ার্সী লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন।

পারিবারিক শোক ও দায়িত্ববোধ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গত শুক্রবার দুপুরে তিনি মহেশপুর থানায় উপস্থিত হন। জানা যায়, সেদিন সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে দ্রুত যশোরে যান তিনি। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে সরাসরি মহেশপুরে আসেন।

থানায় গিয়ে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং নিহত ভাইয়ের মরদেহ উদ্ধারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিবারের ইচ্ছা, হাসেমীর মরদেহ কবর থেকে উত্তোলন করে নিজ দেশে নিয়ে গিয়ে ধর্মীয় বিধান অনুযায়ী পুনরায় দাফন করা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি মানবিক ও সংবেদনশীল হওয়ায় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এজন্য মীর ওয়ার্সীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে তিনি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।

এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের এই দায়িত্ববোধ ও ভালোবাসার ঘটনা স্থানীয়দের মাঝেও সহমর্মিতা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আইনি প্রক্রিয়া শেষ হলে দ্রুতই মরদেহ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।