ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরা টহল জোরদার করে পজিশন নিয়েছে। এর আগেও পর পর দুইবার সীমান্তের ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেওয়ার চেষ্টা চলছিল।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যায়। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সীমান্তের গ্রামবাসীর মধ্যে আতংক রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।