বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে এবং ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচিতে ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে বলে মন্তব্য করেছেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী স্কুল মাঠে মঙ্গলবার বিকেলে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মন্ডল।
আব্দুল গফুর মন্ডল বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি মামলা, জেল-জুলুম, গুম ও ক্রসফায়ারের আতঙ্কের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন। ব্যক্তিজীবনে অনেক ত্যাগ স্বীকার করলেও তিনি কোনো ভয় বা প্রলোভনে পিছু হটেননি এবং পাঁচবিবিতে বিএনপিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী একটি চক্র ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।’
তিনি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অবদানের কথা তুলে ধরে সকল নেতাকর্মী ও ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন, নির্বাচিত হলে পাঁচবিবি টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে, জয়পুরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন চৌধুরী আবু, বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি।
জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী আক্কেলপুর উপজেলার রুকিন্দপুর ইউনিয়নের এক জনসভায় বলেন, ‘ধানের শীষের জয় মানেই বাংলাদেশের বিজয়। শহীদ জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব ঘটিয়ে দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক ন্যায্যমূল্যে সরবরাহ, হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি।’
তিনি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন