ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাঁচবিবি গোহাটি মুক্তমঞ্চের সামনে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদবিষয়ক গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচার চালাচ্ছে।
প্রচারের অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে দেখানো হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া। এ ছাড়া আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশন করা হয়।
সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ডও উন্মুক্ত রাখা হয়।
উল্লেখ্য, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও তুলে ধরবে। বিপুলসংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।



