ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাট-২ আসনে ভোট সম্পন্ন, চলছে গণনা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে ভোটদান প্রক্রিয়া। বর্তমানে কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনার কাজ।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। জয়পুরহাটের ১০৪টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ছিল।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে মোতায়েন ছিল পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ও বডি-ওয়ান ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া সকাল ৯টায় সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৭টায় জয়পুরহাট-২ আসনের সব ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত এই আসনে ৬৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’