জয়পুরহাটের কালাই উপজেলায় পাচারের সময় ১২ বস্তা টিসিবির পণ্যসহ এক ভ্যানচালকসহ দুজনকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ভ্যানচালক রতন মিয়া (৪৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তরপাড়া গ্রামের বদের উদ্দিনের ছেলে। অপরজন কামদিয়া বাজারের বেলাল উদ্দিন।
আটকের পর ভ্যানচালক জানান, কালাইয়ের টিসিবি ডিলার মতিন সরকারের বাড়ি থেকে ১২ বস্তা টিসিবির পণ্য কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। তার সঙ্গে বেলাল উদ্দিনও ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাই পৌরসভার ডাশপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য বিতরণ করে আসছেন ডিলার আব্দুল মতিন সরকার। বৃহস্পতিবার পণ্য বিতরণ শেষে চাল, ডাল, ছোলা ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে একটি ভ্যানে করে মোসলেমগঞ্জ বাজারের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা ভ্যানটি আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ডিলার ঘটনাস্থলে এসে পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ইউপি সদস্য লাল মিয়া ঘটনাস্থলে এসে মালামাল ও ভ্যানচালককে আটকের ব্যবস্থা করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া বলেন, উত্তেজিত জনতা ভ্যানসহ টিসিবির পণ্য আটক করে তাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরাকে অবগত করা হয়। এ সময় ডিলার সবার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হাতাহাতির ঘটনাও ঘটে। টিসিবির পণ্য পাচারের অভিযোগের পর জনগণের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বিষয়ে টিসিবি ডিলার আব্দুল মতিন সরকার বলেন, এসব পণ্য আমার। এগুলো কোথায় যাবে তা বলার প্রয়োজন মনে করছি না। আপনার যা করার তা করতে পারেন।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, বিষয়টি অবগত হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেহেতু স্থানীয়রা টিসিবির পণ্য আটক করেছেন, সে কারণে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


