জয়পুরহাটের প্রান্তিক কৃষকদের স্বস্তি ফেরাতে আলুর বিকল্প ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাজারমূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'এই অঞ্চলের কৃষকরা আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না। আলুর উৎপাদন ব্যয় বাড়লেও বাজারদর কম থাকায় প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আলুর বিকল্প ব্যবহার—যেমন প্রক্রিয়াজাতকরণ ও শিল্পকারখানায় ব্যবহার বাড়ানো গেলে চাহিদা বৃদ্ধি পাবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।'
তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ঢাকায় ফিরে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হবে এবং দ্রুত কার্যকর সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হবে। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

