জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পর্শে সজিব হোসেন (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (০৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন ওই গ্রামের রাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। রাতে ঘরের আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে হঠাৎ শর্টসার্কিট হয়ে সজিব বিদ্যুৎস্পর্শ হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক মেহেদী হাসান পার্থ জানান, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

