চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ইটের আঘাতে এক জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. জাফর (৪৭)।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার খৈয়াচড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি পেশায় একজন সিএনজি চালক।
জানা গেছে, প্রতিপক্ষের ছেলে মো. রায়হান মোবাইলে লুডু খেলার জন্য নিহত জাফরের ছেলে ইমনকে ডাকতে আসে। এসময় ইমন লুডু খেলতে অপারগতা প্রকাশ করলে সেখানে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় জাফর এগিয়ে আসলে তাকে রায়হান ও তার মা জাহেদা ইট ছুটতে থাকে। এক পর্যায়ে জাফরের বুকে ইটের আঘাতে সে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্ত্রী রুনা জানান, মোবাইল লুডু খেলা নিয়ে আমার প্রতিবেশীর ছেলে রায়হান আমার ছেলে ইমনকে ডাকতে আসে। আমার ছেলে লুডু খেলবে না জানালে রায়হান ও তার মা জাহেদা আমার ছেলের উপর তেড়ে আসে। এ সময় আমার স্বামী বাজার থেকে এসে ঘটনাস্থলে গেলে কিছু বুঝে উঠার আগে তাকে ইটের আগাত করে। তারা মা-ছেলে মিলে আমার স্বামীকে মেরে ফেলে। আমি এই ঘটনায় তাদের কঠোর বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বাঁধন দাস বলেন, হাসপাতালে আসার আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে জানান তিনি।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে লুডু খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি শুনে ইমনের বাবা জিজ্ঞেস করতে যায়। তখন রায়হান ও তার মা জাহেদার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাহেদা বড় পাথর ছুড়ে মারে জাফরের বুকে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে জাফর মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রায়হান ও মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


