ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হেলমেট ছাড়া মিলবে না তেল

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে চলমান জ্বালানি তেল সংকট ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে পেট্রোল পাম্প মালিকদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নিরাপত্তা ও জ্বালানি ব্যবস্থাপনা শৃঙ্খলা জোরদারের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অন্যতম হলো হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি না দেওয়ার বিষয়টি।

শনিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

এতে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহায়মেনা শারমিন, বিজিবির ২০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমরান হোসেনসহ বিভিন্ন পেট্রোল পাম্প মালিকরা।

সভায় পাম্প মালিকরা জ্বালানি সরবরাহে অনিয়ম ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ধরেন। তারা জানান, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল ব্যবহারকারীরা নির্ধারিত চাহিদার চেয়ে বেশি তেল নিতে চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে সভায় তেল পাচার রোধে বিজিবির নজরদারি আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা যাবে না। একই সঙ্গে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ভাউচার সংরক্ষণ এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জ্বালানি বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং সংকট অনেকটাই কমে আসবে।